প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৩:২৬ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৩:৩৯ PM
ঈদের ছুটির শুরুতেই বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দেখা দিয়েছে ঘরমুখো মানুষের গণপরিবহনের বাড়তি চাপ।
রাজধানীর বিভিন্ন টার্মিনাল ছেড়ে আসা দক্ষিণবঙ্গগামী গণপরিবহনগুলো একসাথে
টোলপ্লাজায় চলে আসলে গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপও বেড়ে যায়।
সেতু কর্তৃপক্ষদের সূত্রানুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটরসাইকেলের অতিরিক্ত চাপ ঠেকাতে তাৎক্ষণিক ৩টি বুথ দিয়ে মোটসাইকেলের টোল আদায় করে। তবে সকাল সাড়ে ৯ টার মধ্যেই মোটরসাইকেলের চাপ অনেকটা কমে যায়। এ সময় মাওয়া টোলপ্লাজা থেকে যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিলেও সেগুলো কিছুটা ধীরগতিতে টোলপ্লাজা অতিক্রম করছে।
তবে সেতুর দুই প্রান্তে ৮টি করে টোলবুথসহ উভয় প্রান্তে মোট ১৬টি বুথ সার্বক্ষণিক সচল ছিলো।
সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে, সকাল ১১ টায় শ্রীনগর উপজেলার পুরাতন ফেরী ঘাট থেকে পদ্মা সেতু টোল প্লাজা (মাওয়া) পর্যন্ত যানবাহনের সিরিয়াল ছিল দীর্ঘ।
এদিকে পদ্মা সেতুতে বুধবার (৪ জুন) গত ২৪ ঘন্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৪ হাজার ৯টি ও জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৪৫৬টি অর্থাৎ মোট ৩৭ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৪কোটি ৯লাখ ৬হাজার ১৫০টাকা।
এটি ঈদ পূর্ব গত ৭দিনের মধ্যে টোল আদায়ের সর্বোচ্চ প্রবৃদ্ধি বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়। বৃহস্পতিবার (৫ জুন) সকালে এ তথ্য জানান তিনি।
উল্লেখ্য, এবারের ঈদযাত্রায় এ নিয়ে পদ্মা সেতুর টোলপ্লাজা দিয়ে গত ৭দিনে রাজধানী থেকে ছেড়ে আসা দক্ষিণবঙ্গ ও ঢাকাগামী বিভিন্ন ধরণের গণপরিবহন পারপার হয়েছে প্রায় ১লাখ ৬০হাজার ৭৩২টি। এর আগে মঙ্গলবার (৩ জুন) মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ২৪ ঘন্টায় মোট যানবাহন পারাপার হয়েছে ২৫হাজার ২৭৪টি। এ দিন মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩০লাখ ৩৪হাজার ৫০টাকা।
স্বদেশ প্রতিদিন/আইজেপি