প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১০:৫১ AM

ফাইল ছবি
ছোট পর্দার জনপ্রিয় মুখ চাষী আলম, যাকে দর্শকরা ভালোবেসে ‘হাবু ভাই’ নামে চেনেন। দীর্ঘ ২৩ মাস পর আবারও শুটিংয়ে ফিরেছেন এই প্রিয় অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন অভিনয় জীবন, পরিবার এবং আসন্ন কোরবানির ঈদ পরিকল্পনা নিয়ে।
চাষী আলম বলেন, ‘আমি কখনো ভাবিনি অভিনয় জীবন এতো দূর আসবে। এখন সবাই আমাকে হাবু ভাই বলেই ডাকে- ছোটরা, বড়রা, এমনকি নানা-দাদারাও। এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। উপরওয়ালার অশেষ রহমত ছাড়া এটা সম্ভব হতো না।’
কোরবানির ঈদ নিয়ে নিজের ভাবনার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী কোরবানি করব। এটা দেখানোর বিষয় না, বরং ত্যাগের বিষয়। আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগই সবচেয়ে বড় কথা। আমি সুস্থভাবে বেঁচে আছি- এটাই আমার জন্য অনেক বড় আনন্দ।’
পারিবারিক জীবন নিয়েও বেশ উচ্ছ্বসিত চাষী আলম। জানান, সদ্য বাবা হয়েছেন তিনি। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সুইট একটা বেবি হয়েছে। ভাবিনি যে এত দ্রুত ও এত পপুলার হয়ে যাবে! ঘুম থেকে উঠে বাবাকে ডাকে, দাদাকে ডাকে- সবাইকে চেনে।’
নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চাষী আলমের ভাবনা অনেক সাধারণ, কিন্তু গভীর। তিনি বলেন, ‘আমি চাই ও মানুষ হোক মানুষের মতো। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট যেটা চায়, করুক। তবে যেন একজন ভালো মানুষ হয়, সমাজে যেন ভালোভাবে থাকতে পারে।’
অভিনয়ের বাইরে একজন দায়িত্বশীল বাবা ও জীবনকে উপভোগ করা একজন সৎ মানুষ হিসেবে চাষী আলম তার দর্শকদের ভালোবাসায় এগিয়ে চলেছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম