প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:৫৬ AM

ফিফা র্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ নারী ফুটবল দল শক্তিশালী জর্ডানের বিপক্ষে দারুণ লড়াই করে ২-২ গোলে ড্র করেছে।
মঙ্গলবার (৪ জুন) আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপার গোল বাংলাদেশকে মর্যাদাপূর্ণ এই ড্র এনে দেয়।
বাংলাদেশ মধ্যপ্রাচ্যের এই সফরে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শুরু করেছিল। এরপর আত্মবিশ্বাস নিয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নেমে মাত্র ৫ মিনিটে তাইয়েহ ফারাহর গোল খেয়ে পিছিয়ে পড়লেও ম্যাচে হাল ছাড়েনি।
ম্যাচের ৪৩ তম মিনিটে সাফ জয়ী ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়ার গোল প্রথমার্ধের সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধের ৫৮ তম মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা, তবে ৮২তম মিনিটে শাহেদা আক্তার রিপা গোল করে বাংলাদেশকে ফের সমতায় ফিরিয়ে আনে। পরবর্তীতে কোনো দল জয়ী গোল করতে পারেনি।
গতবার ২০২১ সালে উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ে জর্ডানের কাছে ৫-০ গোলে হারলেও এবার এমন শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই বাংলাদেশের উন্নতির নিদর্শন।
এ মাসের শেষে মিয়ানমারে শুরু হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে এই প্রস্তুতি সফরে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলদের বিপক্ষে ভালো খেলার মাধ্যমে কোচ পিটার বাটলারের দল নিজেদের উন্নত পারফরম্যান্সের প্রমাণ দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম