প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:৩২ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ৯:৫৪ PM

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ফিরছেন ঘরমুখো মানুষ
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ফিরছেন ঘরমুখো মানুষ। বেড়েছে যানবাহনের চাপ, তবে মহাসড়কে নেই যানজট।
আজ মঙ্গবার (৩ জুন) বিকেলে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রবিবার (১ জুন) দিনগত রাত ১২টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী ১৪ হাজার ৭৬৯টি যানবাহন পারাপার হয়েছে এসময়। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, “ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দু’পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরো বলেন, “সেতুর ওপর দিয়ে সার্বক্ষণিক যানবাহন চলাচলের চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে সার্বক্ষণিক সিভি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/আইএমএস