প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:৩৬ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ৯:৪৮ PM

বছরের দুটি ঈদকে ঘিরে আমাদের আয়োজন হয়ে থাকে অনেক। বিশেষ করে কোরবানির ঈদের প্রস্তুতি হয়ে থাকে কিছুটা ভিন্ন। কোরবানি সংক্রান্ত কাজে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় প্রায় সবাইকে।
রোজার ঈদের মতো এই ঈদেও রূপচর্চায় লক্ষ করা যায় ভিন্নতা। আমাদের আজকের এই আয়োজনে আমরা কথা বলবো কিভাবে ঈদের আগে নিজের গড়ে তুলতে পারি পরিপাটিভাবে-
কতদিন আগে থেকে রূপচর্চা শুরু প্রয়োজনঃ ত্বকের সমস্যা বুঝে নির্ণয় করতে হবে কতদিন আগে থেকে রূপচর্চা শুরু প্রয়োজন। যদি চুল পড়ার সমস্যা থাকে তবে মাসখানেক আগে এর ট্রিটমেন্ট করিয়ে নেওয়া ভালো। এ ছাড়া খুশকি, মুখে ব্রণের সমস্যা কিংবা ত্বকে ছুলি-মেছতার দাগ ও র্যাশের মতো থাকলে আগেই কসমোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। সব ঠিকঠাক থাকলে ১৫ দিন আগে থেকেই শুরু করতে পারেন বিউটি ট্রিটমেন্ট। হেয়ার কাটে পরিবর্তন আনতে চাইলে দু-একদিন আগে না করে মাসখানেক আগে থেকে এর প্রস্তুতি নেওয়া উচিত। এতে করে বদলের সুযোগও থাকে।

ত্বকের যত্নে করণীয়ঃ
চলছে রোদ-বৃষ্টির মৌসুম। তাই সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন ফেসিয়াল স্ক্রাবার। ওটমিলের সাথে ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ঠিক ১৫ মিনিট পর ভেজা হাতে হালকা ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। একইভাবে মধু, লেবুর রস এবং ডিমের সাদা অংশ মিশিয়েও ট্রাই করতে পারেন। এতে ফিরে আসবে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা।

চুলের যত্নে সতর্কতাঃ
অনেকেই চুলের যত্নে অবহেলা করে থাকেন। গোসলের পর ঠিকমতো মাথা না শুকানো, গরমে মাথা বারবার ঘেমে যাওয়া ও শ্যাম্পু না ব্যবহারের কারণে বেড়ে যায় খুশকি। তাই চুলের সমস্যায় শরণাপন্ন হওয়া উচিত একজন হেয়ার এক্সপার্টের। যাদের চুল শুষ্ক, ঘুমানোর আগে তারা চুলে ব্যবহার করতে পারেন হালকা গরম তেল। আর যাদের চুল তৈলাক্ত, সেক্ষেত্রে একদিন অন্তর ব্যবহার করতে পারেন তেল। যারা হেয়ার কালার করিয়েছেন, তাদের চুলের যথাযথ যত্ন নেওয়া জরুরি। এজন্য ব্যবহার করতে পারেন কালার প্রোটেকশন শ্যাম্পু। সাথে অবশ্যই ব্যবহার করতে হবে কন্ডিশনার।

হাত-পায়ের যত্নে করণীয়ঃ
ঈদের আগে একবার পেডিকিউর-মেনিকিউর করা প্রয়োজন। এটি চাইলে বাসায় বসেও করতে পারেন। প্রথমে নখের নেইলপলিশ তুলে নিন। পরে সাবধানে পছন্দমতো শেপে নখগুলো কেটে নিন। নখে ক্রিম মাখুন। একটি পাত্রে গরম পানিতে শ্যাম্পু, লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণের মধ্যে হাত ও পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন। পায়ের গোড়ালি ঝামা দিয়ে আলতো করে ঘষে তুলে নিন মরা কোষ। আর নরম ব্রাশ দিয়ে হাত-পায়ের ত্বক ঘষলেই তা পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহে এক দিন মুলতানি মাটি, মধু ও গোলাপজলের পেস্ট তৈরি করে তা হাত ও পায়ে মাখুন। এরপর তা ১৫ মিনিট রেখে দিন। পরে পানি দিয়ে ধুয়ে নিন হাত-পা।
স্বদেশ প্রতিদিন/আইজেপি