প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৭:০৬ পিএম

ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী সড়কটি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজার সদর সড়ক সংস্কারে ঠিকদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
সড়ক সংস্কারের সব প্রস্তুতি শেষ করা হলেও কাজ শুরু করছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে সড়কটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান কাঁদা-পানি জমে যায়। ফলে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা।
উল্লেখ্য, সড়কটি দিয়ে সলিমগঞ্জ ও তার আশপাশের গ্রামের লোকজনই নয়, পার্শ্ববর্তী বাঞ্চারামপুর উপজেলার ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ প্রতিদিন নিত্য দিনের কেনাকাটাসহ নানা প্রয়োজনে সলিমগঞ্জ বাজারে যাতায়াত করে থাকে। সেই সঙ্গে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে।
জানা যায়, ‘মেসার্স লোকমান হোসেন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত একবছর আগে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে শ্যামগ্রাম বাজার থেকে সলিমগঞ্জ বাজার আঁকানগর ব্রিজ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক ১৮ ফুট প্রসস্তকরণসহ উন্নয়ন কাজের দায়িত্ব পান। বিকল্প কোনো ব্যবস্থা করে সলিমগঞ্জ বাজার সদর সড়কের একাংশে কার্পেটিং করার উদ্দেশ্যে সড়কের বিভিন্ন অংশ কেটে খোয়া আর মাটি দিয়ে দীর্ঘদিন ফেলে রাখায় সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সলিমগঞ্জ গ্রামের বাসিন্দা ডিএম মাহফুজ বলেন, “দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ করে রাখায় সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি সংস্কারের নামে বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে।”
শ্যামগ্রাম বাজারের ব্যবসায়ী আব্দুল হাকিম জানান, এক বছর আগে এ সড়কের সংস্কার কাজ শুরু করলে এই কাজ যেনো শেষই হচ্ছেনা। আমরা রাস্তাটি দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবী জানাচ্ছি।
প্রসঙ্গত, ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
নবীনগর উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব হোসেন জানান, এ কাজ শেষ হবার আরো সময় আছে। ঈদের পরে এ রাস্তার কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোদমে শুরু করবে বলে আমাদের জানিয়েছেন। আশা করছি নির্ধারিত সময়ের আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার কাজ শেষ করবে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস