মৃত্যুর ১০ মাস পর আ. লীগ নেতার লাশ উত্তোলন
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:৫৮ পিএম

মৃত্যুর ১০ মাস পর আ. লীগ নেতার লাশ উত্তোলন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের লাশ উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে শোরসাক মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় লাশ উত্তোলন করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে পানিতে ডুবে মোস্তফা কামালের মৃত্যু হয় বলে জানা যায়। পরদিন ৬ আগস্ট বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে দাফন করা হয়। মৃত্যুর ৬ মাস পর, ৪ ফেব্রুয়ারি মোস্তফা কামালের স্ত্রী ফাতেমা কামাল শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী ফাতেমা কামাল দাবি করেন, তার স্বামীকে দুষ্কৃতকারীরা সংঘবদ্ধভাবে বাড়িতে হামলা চালিয়ে হত্যা করেছে।
নিহতের ভাই হুমায়ুন কবির মজুমদার বলেন, ‘আমরা আমার ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাই। এতে কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও আমরা সচেতন।’
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ‘আদালতের নির্দেশে সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম