প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:০১ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ৩:০৯ PM

সংগৃহীত ছবি
ঘরের ছেলে ফিরেছে। হাতের ব্যাগ মুখে হাসি-সবকিছুই যেন জানিয়ে দিচ্ছিল, তিনি ফিরে এসেছেন নিজের ঘরে। হ্যাঁ, নিজ দেশের জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। স্থানীয় সময় সোমবার ভোরে এজেইজার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছান এই অধিনায়ক।
সামনেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব। ডিফেন্ডিংদের লড়তে হবে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা জাতীয় দল এরই মধ্যে অনুশীলন শুরু করেছে। রবিবার ছিল তাদের প্রথম সেশন, আর সোমবার সকালে যোগ দিলেন মেসি। ইনজুরির কারণে আগের দুই ম্যাচে (উরুগুয়ের বিপক্ষে ১-০ এবং ব্রাজিলের বিপক্ষে ৪-১) না থাকলেও এবার আবারও মাঠে নামার জন্য প্রস্তুত বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি ম্যাচগুলো তাই মূলত দলের গঠন, খেলোয়াড়দের ছন্দে ফেরানো এবং সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। আর সেই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেই চেনা নামটি- লিওনেল মেসি।
সর্বকালের সেরা নাম্বার ১০ কে স্বাগত জানান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি লেখেন, “হ্যালো লিও, আমার হৃদয়ের মানুষ! এখন সকালের কাজ শুরু হোক শান্তিতে-সে এখন ঘরে ফিরেছে। ”
মেসিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফিরে আসার অনুভূতি প্রকাশ করেন দুটি শব্দে: "ঘরে ফিরেছি" ও "বাড়ি"। জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার আগে এভাবেই আবেগ জানিয়ে গেলেন তিনি।
গত ক্লাব ম্যাচে ৫-১ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন মেসি। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার জাতীয় দলের জার্সিতে নামার অপেক্ষায় তিনি।
জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি সোমবার সকাল ১১টা থেকে দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করবেন, যা হবে মেসির প্রথম সেশন। রিকভারি ও ওয়ার্মআপ দিয়ে শুরু হলেও মূল লক্ষ্য থাকবে ৫ জুন চিলি এবং ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া।
স্বদেশ প্রতিদিন/আইএমএস