নাকে আইফোনের তার ঢুকিয়ে ক্যানসারের অভিনয়, অতঃপর...
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:১২ পিএম আপডেট: ২১.১১.২০২৫ ৭:৩৮ PM

মানুষের সহমর্মিতা ও বিশ্বাসকে অস্ত্র করে ভয়াবহ প্রতারণার নাটক সাজিয়েছিলেন আয়ারল্যান্ডের কিংবদন্তি হালিং খেলোয়াড় ডিজে কেয়ারি। ক্যানসারে আক্রান্ত হওয়ার ভুয়া গল্প তৈরি করে তিনি নাকের ভেতর আইফোনের তার ঢুকিয়ে হাসপাতালের ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন। উদ্দেশ্য পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সহানুভূতি অর্জন করে টাকা আদায়।
দীর্ঘ সময় ধরে প্রতারণার এ কৌশল সফলভাবেই চালিয়ে যান তিনি। দেশটির শীর্ষ ধনী ব্যক্তিসহ বহু শুভাকাঙ্ক্ষী তার জন্য আর্থিক সহায়তা পাঠান। এভাবে মোট ৪ লাখ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি ৬৫ লাখ সংগ্রহ করেন কেয়ারি।
তদন্তে জানা যায়, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ভুয়া হাসপাতালের ছবি ব্যবহার করে প্রতারণা চালিয়ে গেছেন। আদালতে তিনি ১০টি প্রতারণার অভিযোগ স্বীকার করেন। জানান, ব্যাংক ঋণের চাপ ও চরম আর্থিক সংকট থেকেই তিনি এই পরিকল্পিত প্রতারণার পথে হাঁটেন।
ডাবলিন সার্কিট ক্রিমিনাল কোর্ট তাকে ৫ বছরের কারাদণ্ড দেন। রায়ে বিচারক বলেন, কেয়ারির অসুস্থতার ভুয়া খবর শুনে যারা আন্তরিকভাবে সহায়তা করেছেন তারা অসাধারণ উদারতা দেখিয়েছেন, আর সেই সহমর্মিতার সুযোগ নেওয়া কেয়ারির আচরণ “গভীরভাবে নিন্দনীয়”।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর হতবাক হয়ে পড়েছেন ডিজে কেয়ারির ভক্ত, বন্ধুবান্ধব এবং আয়ারল্যান্ডের ক্রীড়াপ্রেমীরা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে