প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:০১ পিএম

সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এবং টানা বৃষ্টিপাতে কক্সবাজার জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।
গত দুই দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে পর্যালোচনায় জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন। সফরে তাঁর সঙ্গে টেকনাফ ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার নেজারত ডেপুটি কালেক্টর উপস্থিত ছিলেন।
টেকনাফে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সাবরাং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি পর্যালোচনা করেন। এছাড়া পেকুয়ার মগনামা জেটিঘাট, মগনামা স্লুইস গেট, উজানটিয়া আশ্রয়ণ প্রকল্প এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ও পরিদর্শন করেন।
সফরকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।
ইতোমধ্যে সেন্টমার্টিনসহ দুর্গত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তারা জানিয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকলে ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ