প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৭:১৪ পিএম

সংগৃহীত ছবি
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে ১২ পিস স্বর্ণের বারসহ লিটন রায় (৫০) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। তিনি ঢাকার কোতোয়ালি থানার শাখারী বাজার এলাকার বাসিন্দা মধুসূদন রায়ের ছেলে।
রোববার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার জুতার সোলের ভেতর বিশেষ কায়দায় লুকানো ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন রায় স্বীকার করেছেন, তিনি স্বর্ণের বারগুলো ঢাকায় সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহ সীমান্তপথে ভারতে পাচার করতে যাচ্ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১.৩৯৭ কেজি, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে স্বর্ণ ও আসামিকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ