প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৬:৩৩ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের
দায়িত্ব দেওয়ার দাবিতে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ডিএসসিসির
কর্মচারীরা। সে ধারাবাহিকতায় আজও বন্ধ আছে নগরভবন কেন্দ্রিক সেবা কার্যক্রম। একই দাবিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের সমর্থকরাও একত্রিত হয়েছেন নগর ভবনে। তারা মূল ফটকসহ বিভিন্ন বিভাগীয় অফিসের গেটে তালা লাগিয়ে কার্যত ভবনের সব সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
সোমবার (২ জুন) সকাল থেকে নগর ভবনের ভেতরে অবস্থান করছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা, ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগরপিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ স্লোগান দিচ্ছেন।
‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। তাদের আন্দোলনের ফলে গেল ১৫ মে থেকে নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া ইশরাক সমর্থকরা বলেন, ‘কী কারণে মেয়র হিসেবে ইশরাক ভাইয়ের শপথ পড়ানো আটকে আছে আমাদের জানা নেই। জনগণের মেয়র ইশরাক, প্রতিটি নগরবাসী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে চায়।’
তারা হুশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। সেসময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক। গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। এরপর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এরপর ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এমন পরিস্থিতিতে ১৫ মে থেকে আন্দোলন নামেন ইশরাকের সমর্থকরা। এদিকে আইনি জটিলতার কথা বলে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আয়োজন থেকে বিরত রাখছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর এ রিট মামলার ওপর কয়েক দফা শুনানির পর তা খারিজ করে আদেশ দেয় হাইকোর্টের বেঞ্চ। একইদিন বিকেলে শপথ পড়ানোর জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক। এরপর থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেনের সমর্থকরা।
স্বদেশ প্রতিদিন/এমএম