প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১২:৩৩ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৫:২৬ PM

শাকিব খান-মিষ্টি জান্নাত: তৃতীয় বিয়ের গুঞ্জনে নতুন মোড়
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে তৃতীয় বিয়ের গুঞ্জন নতুন নয়। তবে গত বছরের মাঝামাঝি সময়ে এই গুঞ্জন আরও জোরালো হয়।
সেই সময় সংবাদমাধ্যমে খবর ছড়ায়- শাকিব খানের পরিবার নাকি তার জন্য একজন চিকিৎসক পাত্রীর খোঁজ করছে। তখন থেকেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
নেটিজেনদের নজর পড়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের দিকে, কারণ ঢালিউডের নায়িকাদের মধ্যে তিনিই একজন চিকিৎসক।
এই গুঞ্জনের পর মিষ্টি জান্নাত সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘অনেক সাংবাদিক আমাকে ফোন করছেন। কিন্তু আমি এ বিষয়ে কিছু বলিনি। কারণ এখন বলা যাবে না। গুঞ্জন আপাতত গুঞ্জনই থাক।’
তিনি আরও বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আবার একজন ডাক্তারও। শাকিব খানের সঙ্গে পরিচয় আছে, জানাশোনা আছে। অনেকে তাই মনে করছেন আমাদের বিয়ে হতে পারে। তবে আমি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করব না। আবার ভালো লাগলে করতেও পারি- সবকিছুই সময় বলবে।’
নতুন করে আলোচনায় তেল ঢাললেন মিষ্টি জান্নাত নিজেই। সম্প্রতি তার ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে- একটি ফ্লাইটে তারা একসঙ্গে কোথাও যাচ্ছেন।
সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু আলোচনার সূত্রপাত ছবির ক্যাপশন ঘিরে। কারণ ক্যাপশনে ছিল তিনটি ‘লাভ’ সাইন এবং দুবার লেখা ‘লাভ’ শব্দটি।
এর পর থেকেই নেটিজেনদের প্রশ্ন-এই তিনটি লাভ সাইন কি শাকিব খানের জীবনের তৃতীয় ভালোবাসার ইঙ্গিত? কেউ কেউ তো সরাসরি মিষ্টিকে বলেই ফেলেছেন, শাকিব খানের তিন নম্বর বউ।
এখনও পর্যন্ত এই বিষয়ে মিষ্টি জান্নাতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
উল্লেখ্য, মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। নিয়মিত কাজ করলেও এখনও পর্যন্ত তিনি ঢাকাই চলচ্চিত্রে তুলনামূলকভাবে কম পরিচিত একজন মুখ। তবে অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক।
দর্শক ও ভক্তরা এখন অপেক্ষায়- এই সম্পর্কের রহস্য শেষ পর্যন্ত কোন পথে গড়ায়!
স্বদেশ প্রতিদিন/এমএম