প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৭:৫০ পিএম

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল সোমবার (২ জুন) বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতা প্রচার করা হবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ফলে চলতি অর্থবছরের তুলনায় বাজেটের আকার কিছুটা কমছে।
গত ২০২৪-২৫ অর্থবছরে আওয়ামী লীগ সরকারের শেষ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর অর্থবছরের মাঝপথে বাজেটে কাটছাঁট করা হয়। এতে করে বাজেটের আকার দাঁড়ায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা। ফলে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাজেটের আকার কমতে যাচ্ছে।
সমাজ সুরক্ষা ও গ্রামীণ কর্মসংস্থানকে গুরুত্ব
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের মতো অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানো হবে।
সংসদ ছাড়াই বাজেট ঘোষণা, থাকবে জনমত নেওয়ার সুযোগ
সংসদ না থাকায় বাজেট এবারে টেলিভিশন ও বেতারে একযোগে প্রচার করা হবে। বিকেল ৪টায় বাজেট বক্তৃতার ধারণকৃত সংস্করণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হবে। অন্যান্য বেসরকারি টিভি ও রেডিও চ্যানেলকে বিটিভির ফিড নিয়ে একই সময়ে বাজেট প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ২০০৮ সালেও সংসদের বাইরে বাজেট পেশ হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। সেবার অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন, সেদিনও ছিল সোমবার।
আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনকালে আবুল মাল আবদুল মুহিত ১০ বার, আ হ ম মুস্তফা কামাল ৫ বার এবং মাহমুদ আলী ১ বার বাজেট উপস্থাপন করেন—সবই সংসদে।
তবে এবার সংসদ না থাকায় বাজেট নিয়ে কোনো আনুষ্ঠানিক বিতর্ক বা আলোচনা হবে না। বাজেট ঘোষণার পর জনগণের কাছ থেকে মতামত নেওয়া হবে। সেই মতামতের ভিত্তিতে বাজেটে প্রয়োজনীয় পরিবর্তন এনে ২৩ জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদন করা হবে। এরপর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ