প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১২:২৫ পিএম

রায়ের পরে দলের আমিরের বার্তা: উচ্ছ্বাস নয়, শুকরিয়া আদায় করুন
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
রোববার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এই রায়ের মাধ্যমে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেলো দলটি।
এই রায়ের পর দলের আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়ায় শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে। মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি- আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।’
ডা. শফিকুর রহমান মহার আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, ‘পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই- আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।’
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরেকটি পোস্টে তিনি বলেন, ‘আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান- আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, শ্লোগান নয়। নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তাঁর পবিত্রতা ঘোষণা করি এবং তাঁর নামে তাকবির পেশ করি।’
তিনি আরও প্রার্থনা করে বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণভাবে তাঁর করুণা-সিক্ত করে রাখুন। আমিন।’
স্বদেশ প্রতিদিন/এমএম