প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৭:৫৬ AM আপডেট: ০১.০৬.২০২৫ ৯:১৩ PM

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি
অবশেষে ইউরোপ সেরার মুকুট উঠল প্যারিস সেইন্ট জার্মেইনের মাথায়। ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো পিএসজি।
মিউনিখের ঐতিহাসিক অলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। শুধু শিরোপাই নয়, একইসঙ্গে ঘরে তুলেছে মর্যাদার ‘ট্রেবল’- লীগ, কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ।
১৯৯৩ সালে মিউনিখেই ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্শেই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতে। সেই মাঠেই ২০২৫ সালে এল আরেক ফরাসি জয়ের গল্প। একরকম অলিখিত নিয়ম যেন, মিউনিখ মানেই নতুন রাজা!
শুরুর বাঁশি থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পিএসজির হাতে। মাত্র ১২ মিনিটেই ভিতিনহার পাস থেকে দুর্দান্ত কম্বিনেশনে প্রথম গোল করেন হাকিমি। এরপর ২০ মিনিটে গোল করলেন তরুণ উইঙ্গার দুয়ে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
বিরতির পর ইন্টার মিলান ঘুরে দাঁড়াতে চাইলেও পিএসজির কড়া রক্ষণে কোনো সুযোগ মেলেনি। উল্টো ৬৩ মিনিটে ডেম্বেলের ব্যাকহিল থেকে ভিতিনহার পাসে আসে তৃতীয় গোল। স্কোরলাইন ৩-০। ৭৩ মিনিটে কাভারাৎসখেলিয়া এবং ৮৬ মিনিটে সেনি মায়ুলু গোল করে জয়ের ব্যবধান পৌঁছে দেন ৫-০-তে।
এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় তুলে নিল পিএসজি। একসময় মেসি-নেইমার-এমবাপে নিয়েও যা সম্ভব হয়নি, সেটাই এবার বাস্তবে রূপ দিল লুইস এনরিকে’র ছেলেরা- ডেম্বেলে, হাকিমি, ভিতিনহা, কাভারা ও দুয়েদের নিয়ে।
স্বদেশ প্রতিদিন/এমএম