প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৬:৪৬ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৬:৫৮ PM

রাস্তার মধ্যে মৌমাছি বহনকরা একটি ট্রাক উল্টে যায়
একটি ট্রাক থেকে আনুমানিক ২৫ কোটি মৌমাছি পালিয়ে গেছে। এই হুল ফোটানো পতঙ্গের ঝাঁক থেকে লোকজনকে দূরে রাখতে সতর্কতা জারি করেছে রাজ্যটির কর্তৃপক্ষ।
গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে উল্টে পড়া একটি ট্রাক থেকে এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। পুলিশের শেয়ার করা এক ভিডিওতে উল্টে পড়া লরির আশপাশে ঝাঁকে ঝাঁকে মৌমাছিকে উড়ে বেড়াতে দেখা গেছে।
হোয়াটকম কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিভাগের কর্মকর্তারা একাধিক অভিজ্ঞ মৌচাষীর সহায়তা নেন। লক্ষ্য হচ্ছে, যত বেশি সংখ্যক মৌমাছিকে বাঁচানো যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কানাডা সীমান্তের কাছে একটি সড়কে ৭০ হাজার পাউন্ড ওজনের সক্রিয় মৌচাকবাহী ওই ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।
অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ বলেছে, “উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত’ সড়কের যেখানে দুর্ঘটনা হয়েছে, সেই সড়ক বন্ধ থাকবে।”
সতর্কতা জারি করে হোয়াটকম কাউন্টির শেরিফ বলছে, ‘২৫ কোটি মৌমাছি এখন মুক্ত। মৌমাছি পালানো এবং ঝাঁক বেধে ঘুরে বেড়ানোর সম্ভাবনা থাকায় এলাকাটি এড়িয়ে চলুন।’
তারা বলছে, ‘মৌমাছিদের চাকে ফেরাতে ও রানি মৌমাছিকে খুঁজে বের করার সুযোগ দিতে পরিকল্পনা করা হয়েছে। এটা পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হওয়া উচিত।’
শেরিফের কার্যালয় আরো জানায়, আজ সকালের মধ্যে বেশিরভাগ মৌমাছিরই চাকে ফেরার কথা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে পুলিশ ‘মৌচাষীদের’ ধন্যবাদ জানিয়ে বলেছে, “দুর্ঘটনার পর দুই ডজনের বেশি মৌচাষী মৌমাছিদের উদ্ধার কার্যক্রমে সহায়তায় এগিয়ে আসেন।”
স্বদেশ প্রতিদিন/আইএমএস