প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৫:৩৬ পিএম

ছাত্র-জনতার বিজয় গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সেই বিজয়ের সুফল ভোগ করতে চাইলে ইতিহাসের আস্তাকুঁড়ে যেতে হবে কিছু মানুষকে।
শনিবার (৩১ মে) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শিশু একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসস) আয়োজিত আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনী উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি প্রচারমুখী নয়, বরং তার কর্মকাণ্ডের প্রসার ছিল স্বতঃসিদ্ধ। বক্তব্যে অধিক সময় নিতেন না তিনি। গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কি এবং কেন করতে হবে, তা নিয়েই কাজ করতেন তিনি।
জিয়াউর রহমানের স্মৃতি চারণকালে তিনি বলেন, তার কর্মকাণ্ড ছিল অপ্রকাশ্য। জাতির মধ্যে তার আগমনটাও ছিল অত্যন্ত আকস্মিক। তার সম্পর্কে এমন অনেক অনেক স্মৃতি রয়েছে যা বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, দেশপ্রেমিক এবং গণতন্ত্র।
সবশেষে তিনি আরো বলেন, তার প্রত্যেকটা পদচারণা ছিল জাতির উদ্দেশ্যে। জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে আর ভয় থাকবে না।
স্বদেশ প্রতিদিন/আইজেপি