প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৫:২৮ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৭:৫৮ PM

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখনো ২ পুলিশ সদস্যসহ নিখোঁজ রয়েছেন ১৯ জন যাত্রী।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন এবং হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।
জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪ জন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার লোকজনসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে করিমবাজার সংলগ্ন ডুবারচরের কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার সঙ্গে সঙ্গেই ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানান।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, ‘৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ১৯-২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো ২ পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম