প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৪:১৪ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বিছামারা এলাকায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক নূর ফয়েজ (৪০) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকার মৃত বদিউল আলমের পুত্র।
স্থানীয়রা জানায়, সকালে গরু বাঁধার জন্য বাড়ির পাশের পতিত জমিতে গেলে নূর ফয়েজ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং আবহাওয়া খারাপ ছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম