প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:২৯ AM

৩টি এয়ারলাইন্সের মোট ২০৮টি ফ্লাইটে শুক্রবার দিবাগত মধ্যরাত পর্যন্ত ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে আরও তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ১৫ জনে।
সর্বশেষ বৃহস্পতিবার (২৯ মে) গাজীপুর পূর্ব টঙ্গীর আবুল কালাম আজাদ (৬২), মাদারীপুর সড়ক সদরের মোজলেম হাওলাদার (৬৩) ও জয়পুরহাট পাঁচবিবির মো. মোস্তাফিজুর রহমান (৫৩) মক্কায় মারা গেছেন। তারা সবাই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
শনিবার (৩১ মে) হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।
স্বদেশ প্রতিদিন/কেএইচ