প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১২:০৬ AM

চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীর ওপর লাথি মারার ঘটনায় ভাইরাল হওয়া যুবক আকাশ চৌধুরীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। চট্টগ্রাম মহানগর জামায়াত শুক্রবার রাতে এক বিবৃতিতে আকাশকে দলীয় কর্মী হিসেবে স্বীকার করে এবং তার এ ধরনের আচরণকে ‘চরমভাবে নিন্দনীয়’ বলে উল্লেখ করে বহিষ্কারের ঘোষণা দেয়।
চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “আকাশ চৌধুরী আমাদের সংগঠনের একজন কর্মী হলেও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তার কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হলো।”
বিবৃতিতে আরও বলা হয়, “২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় দুটি ভিন্ন সংগঠনের কর্মসূচিতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। জামায়াত একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে পরিচিত। আমরা এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডকে কোনোভাবে প্রশ্রয় দিই না।”
২৮ মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতপন্থী একটি সংগঠনের কর্মসূচি চলছিল। একই সময়ে গণতান্ত্রিক ছাত্রজোট রাজশাহীতে ছাত্রনেতাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন আয়োজন করে। এ সময় শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে থাকা একদল লোক হামলা চালালে অন্তত ১৫ জন আহত হন। হামলার সময় এক নারীকে লাথি মারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক জনরোষের সৃষ্টি করে।
পরবর্তীতে লাথি মারা যুবককে শনাক্ত করা হয় আকাশ চৌধুরী নামে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া পৌর এলাকার বাসিন্দা এবং ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় পর্যায়ের নেতা। এর আগেও নগরীর মুরাদপুরে একটি সুন্নি সংগঠনের কর্মসূচিতে হামলার অভিযোগে তার নাম উঠে আসে।
ঘটনার দায়ভার থেকে নিজেদের দূরে সরিয়ে চট্টগ্রাম মহানগর জামায়াত বিবৃতিতে জানায়, উক্ত কর্মসূচি সম্পর্কে দলীয়ভাবে তারা পূর্বে অবগত ছিলেন না এবং কারো অংশগ্রহণে নির্দেশ দেওয়া হয়নি। ফলে এই ঘটনার দায় জামায়াত বহন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটি।
ঘটনার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আকাশ চৌধুরীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
স্বদেশ প্রতিদিন/এনআর