প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১২:০০ AM

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পর্যটকবাহী হাউসবোট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নীলাদ্রি লেক এলাকার হাওর পারে অবস্থানকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বোটটির নাম ‘আবরার লাক্সারি হাউসবোট’, যা পূর্বে ‘হাওরের সুলতান’ নামে পরিচিত ছিল।
হাউসবোটটিতে থাকা ৭ জন নারী ও ৫ জন পুরুষসহ মোট ১২ জন পর্যটক অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন টেকেরঘাট পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর আবির দাস। তিনি বলেন, ‘‘অগ্নিকাণ্ডের সময় পর্যটকেরা সবাই বোটটির ছাদে অবস্থান করছিলেন এবং মোবাইল ফোন চার্জে দিয়েছিলেন। ফলে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।’’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাউসবোটটির জেনারেটর সিস্টেম থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ কাঠের তৈরি বোটটি ততক্ষণে ভস্মীভূত হয়ে যায়।
হাউসবোটটির মালিক ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
টাঙ্গুয়ার হাওরে এমন দুর্ঘটনা পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। বিষয়টি খতিয়ে দেখতে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্বদেশ প্রতিদিন/এনআর