
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৯
বগুড়ায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার (২৮ মে) দিনগত রাতে সেনাবাহিনীর একটি টিম শহরের অন্যতম কুখ্যাত মাদক স্পট চকসূত্রাপুর হরিজন কলোনিতে ব্লক রেইড চালায়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে রাতভর অভিযান।
অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানি। অংশ নেন প্রায় ৫০ জন সেনাসদস্য।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে,৩,০০০ বোতল বাংলা চোলাই মদ, ১৫ কেজি গাঁজা, ১৫০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৮৫,৩২৭ টাকা, ৬টি রামদা, ৪টি চাকু, ১টি হাসুয়া, কুড়ালসহ ৩০টি দেশীয় ধারালো অস্ত্র, ৬টি অ্যান্ড্রয়েড ফোন, ৪টি বাটন ফোন এবং একটি ক্যামেরা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শামসুল হক চঞ্চল (৫৭), মুকুল ইসলাম (৩১), আল আমিন (২৩), নূর মোহাম্মদ মন্টি (২৩), হালিম ইসলাম (২৪), সালাম (৪৫), মিরাজুল শেখ (৪০), অপু (২৩), হেনা বেগম (৪০) এক নারী মাদক ব্যবসায়ী।
সেনাসদস্যরা হরিজন কলোনির প্রায় প্রতিটি বাড়িতে অভিযান চালান। অনেক বাড়িতে তালা দেওয়া ছিল, যেগুলো ভেঙে মাদক উদ্ধার করা হয়। স্থানীয় বড় মাদক ব্যবসায়ীরা আগেই পালিয়ে যায় বলে জানা গেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এলাকাভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে। পরবর্তীতে বগুড়া সদর থানায় গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম