প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:১৬ পিএম

কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী
কিশোরগঞ্জে দীর্ঘ ২০ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মী সম্মেলন ৩১ মে সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে দুপুরে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। সম্মেলনে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, আগামী ৩১ মে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে কর্মী সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ২০ বছর পর কিশোরগঞ্জে খোলা মাঠে কর্মী সম্মেলন হতে যাচ্ছে। এ কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, ইতোমধ্যে কর্মী সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। লিফলেট বিতরণ, মাইকিং করা হয়েছে। এছাড়াও ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌরসভা পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। আগামীর বাংলাদেশ শান্তিময় ও সন্ত্রাস মুক্ত হবে কর্মী সম্মেলনের মাধ্যমে এমনটাই জানান দেয়া হবে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. কর্নেল (অব.) জেহাদ খান, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মোসাদ্দেক আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর জামায়াতে ইসলামী আমির কারী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস