প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১১:৫২ AM

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদিনজুড়েই এমন আবহাওয়া বজায় থাকতে পারে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি একটি মৌসুমি নিম্নচাপ এবং এটি থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের চারটি বিভাগ- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বর্ষণের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
চলতি মে মাসের শুরু থেকেই দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায় এবং এই মাসেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে মাসের দ্বিতীয়ার্ধে এসে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়, যা শেষ সপ্তাহে আরও বাড়তে থাকে।
আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক বৃষ্টিপাত নিম্নচাপের প্রভাবেই হচ্ছে এবং এটি সাধারণ মৌসুমি বৈশিষ্ট্যের অংশ।
স্বদেশ প্রতিদিন/এমএম