প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১১:২১ AM আপডেট: ২৯.০৫.২০২৫ ১১:২২ এএম

রংপুর সিটি করপোরেশনের অপসারিত মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জাপার কো-চেয়ারম্যান ও অপসারিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দাবি না মানলে ঈদের পর নগর ভবনের সামনে লাগাতার কর্মসূচি পালন করা হবে।’
মোস্তফার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রংপুরের জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতেই পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠন দুটি।
বিক্ষোভ মিছিল থেকে জাপাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয় এবং অপসারিত মেয়র মোস্তফাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
রংপুর জেলা এনসিপি সংগঠক আলমগীর নয়ন বলেন, ‘যারা ১৬ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে থেকে গুম, খুনসহ সব অন্যায়ের অংশীদার ছিল, তারা এখন রংপুরে আন্দোলনের নামে নাটক করছে। প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।’
তিনি আরও বলেন, ‘ঈদের পর যদি কোনো বিশৃঙ্খলা হয়, তার দায় নিতে হবে সরকারকে। যারা ফ্যাসিস্টের দোসর, তাদের আমরা রংপুরে রাজনীতি করতে দেব না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘খুনি হাসিনার দোসর ছিল জাতীয় পার্টি। আজ তারা ক্ষমতা হারিয়ে আবার জনগণকে ধোঁকা দিতে চায়। এদের রাজনীতি করার অধিকার নেই। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে নেতাদের গ্রেপ্তার করতে হবে।’
এর আগে বুধবার দুপুরে রংপুর সিটির অপসারিত জনপ্রতিনিধিদের পুনর্বহালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে সিটি পরিষদকে পূর্বের মতো কার্যকর করবেন বলে প্রত্যাশা করি। আর যদি না করেন তাহলে ঈদের পরে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ বসিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম