প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৮:২২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগমকে জুলাইয়ের হত্যা চেষ্টা মামলায় সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় পুলিশের কাছে সোপর্দ করে জবি প্রশাসন।
বুধবার (২৮ মে) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গেটে অভিযুক্ত শিক্ষিকাকে যথাযথ অভিযোগের ভিত্তিতে আটকে রাখে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পুলিশের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
সংশ্লিষ্ট অভিযোগ সম্পর্কে অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত শিক্ষিকা আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষক নিয়োগ, বিএনপি ও শিবিরপন্থী শিক্ষক-শিক্ষার্থীদের নানাভাবে বরখাস্ত ও হেনস্তা এবং নানা অপকর্মে জড়িত ছিলেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ কর্তৃক হামলার শিকার শিক্ষার্থীদের মধ্যে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু বক্কর বলেন, এ দেশে জুলাই আন্দোলনে হওয়া শহীদ এবং তাদের রক্তের উপর দাড়িয়ে স্বৈরাচারী দোসর দালালদের সাথে ছাড় দেওয়া হবে না বিন্দু পরিমাণও। আওয়ামী আমলে ছাত্রদল-শিবির মতাদর্শ শিক্ষার্থীদের সাথে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাতে নিঃশ্চুপ ভূমিকা ও মদদ জমিয়ে ছিলেন তারা। তাই এর উপযুক্ত আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযুক্ত মামলার বাদী জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, এদের মত দলকানা শিক্ষকদের জন্য স্বৈরাচারী আমলে কলঙ্কিত হয়েছে শিক্ষক সমাজ। তিনি বলছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কাজ করে তারা রাজাকার। আর যেহেতু ছাত্রদল-শিবির আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে, তাই এরা রাজাকার, গুলি করে মারা উচিৎ এদের।
অভিযুক্ত শিক্ষিকা পিএসসি এর সদস্য ছিলেন উল্লেখ করে সুজন আরো বলেন, ওই অবস্থায় ছাত্রলীগ ছাড়া কাউকে বিসিএস এর জন্য উত্তীর্ণ করতেন না তিনি। উনার মতো আওয়ামী দোসরের সঠিক বিচার দাবী করছি। কারন ছাত্রলীগের মাফিয়াদের পুলিশ প্রশাসনে নিযুক্ত এবং ক্যাম্পাসের ছাত্রলীগকে টাকা দিয়ে ছাত্রদল সহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উপর নির্যাতন করিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত জবির সাবেক অধ্যাপক আনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য জানতে চাওয়া হলে সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ থেকে অভিযোগের সত্যতা পেয়েছি। পরবর্তীতে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো আমরা।
স্বদেশ প্রতিদিন/আইজেপি