প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১২:৪৮ পিএম

প্রায় ১৪ বছর পর কারামুক্ত হয়ে জনসমক্ষে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ছাড়া পাওয়ার পর শাহবাগ মোড়ে আয়োজিত এক জনসভায় অংশ নেন তিনি।
কারামুক্তির পর আবেগঘন বক্তব্যে আজহারুল ইসলাম বলেন, ‘আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আমি এখন স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক।’
তিনি আরও বলেন, ‘প্রায় ১৪ বছর পর আমি আজ মুক্তি পেলাম। এটি শুধু আমার ব্যক্তিগত মুক্তি নয়, এটি একটি দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের ফসল। একটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সত্য চিরকাল চাপা থাকে না। আজ সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’
আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আদালতকে ধন্যবাদ জানাই। তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তবে এটাও সত্য, দেশে দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের অনেক ভাইকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে।’
৩৬ জুলাইয়ের ‘মহাবিপ্লব’ এবং ৫ আগস্টের ‘স্বৈরশাসকের পতন’ প্রসঙ্গে আজহারুল ইসলাম বলেন, ‘আমি কৃতজ্ঞ তাদের প্রতি, যাদের রক্ত, ঘাম আর ত্যাগে আজকের এই পরিবর্তন এসেছে। তাদের কারণেই স্বৈরশাসকের পতন ঘটেছে।’
রাজপথে নতুনভাবে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমরা কখনও অন্যায়ের কাছে মাথানত করিনি, করবোও না। আজ থেকে আবার নতুনভাবে পথচলা শুরু হলো।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
সমর্থকদের অংশগ্রহণে শাহবাগ এলাকায় কয়েক ঘণ্টা ধরে চলা জনসমাবেশে উচ্ছ্বাস ছিল লক্ষ্য করার মতো।
স্বদেশ প্রতিদিন/এমএম