প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:২০ AM

সারা দেশে গত রবিবার (২৫ মে) ২৪ ঘণ্টার কঠোর অভিযান চালিয়ে পুলিশ আরো ১,৫৮১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও রয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৬ মে) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬৬৯ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকিরা বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, সারা দেশে বিভিন্ন ইস্যুতে দাবি আদায় এবং প্রতিবাদে মিছিল ও সমাবেশ চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মাঠে সক্রিয় হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ অবস্থা মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি তৎপরতা প্রদর্শন করছে।
অন্যদিকে, রাজধানীর ডেমরা এলাকা থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে ডিএমপি’র কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাকে গ্রেপ্তার করে।
স্বদেশ প্রতিদিন/এমএম