প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:১৫ পিএম আপডেট: ২৭.০৫.২০২৫ ৩:০৯ PM

লা লিগায় ৩১টি গোল করে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। মোট ৬২ পয়েন্ট নিয়ে এই মৌসুমে ইউরোপের শীর্ষ লিগ গোলদাতার সম্মান অর্জন করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি এই ফরোয়ার্ড।
শনিবার লা লিগার শেষ ম্যাচে দুই গোল করে এমবাপ্পে ছাপিয়ে যান স্পোর্টিং লিসবনের ভিক্টর গিয়োকারেসকে। এই গোলগুলোর মাধ্যমেই তিনি ইউরোপের শীর্ষ পাঁচ লিগভিত্তিক ওজনযুক্ত তালিকায় শীর্ষে উঠে আসেন, যেখানে শুধু লিগের গোলই বিবেচনায় নেওয়া হয়।
২৬ বছর বয়সী এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন। তার আগে এই পুরস্কার জিতেছিলেন হুগো সানচেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো।
২০০৪ ও ২০০৫ সালে আর্সেনালের হয়ে থিয়েরি অঁরি ছিলেন সর্বশেষ ফরাসি খেলোয়াড়, যিনি এই পুরস্কার জিতেছিলেন।
এমবাপ্পে এ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফিও জিতেছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৪৩টি।
রোববার মনাকোতে ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স দেখতে গিয়ে হয়তো ভাবতেই পারেননি, সেদিনই তাকে ছাপিয়ে যেতে পারতেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। তবে লিভারপুলের শেষ ম্যাচে হ্যাটট্রিকের প্রয়োজন থাকলেও সালাহ গোল করেন মাত্র একবার। ২৯ গোল নিয়ে তিনি তৃতীয় হয়েছেন।
চতুর্থ হয়েছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। বিলবাওয়ের বিপক্ষে রোববার দুটি গোল করে তার মোট গোল দাঁড়ায় ২৭টিতে। এতে করে তিনি ইউরোপে চতুর্থ এবং পিচিচিতে দ্বিতীয় হয়েছেন।
গতবারের গোল্ডেন বুট জয়ী হ্যারি কেইন এইবার পঞ্চম হয়েছেন। বায়ার্ন মিউনিখের হয়ে ২৬ গোল করে বুন্দেসলিগা শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত এই স্বীকৃতি অর্জন করেছেন।
তালিকায় ষষ্ঠ স্থানে আছেন আতালান্তার মাটেও রেতেগুই, যিনি সিরি আ’র শীর্ষ গোলদাতা হিসেবে ২৫টি গোল করেছেন।
তবে গোল সংখ্যায় সবার ওপরে ছিলেন ভিক্টর গিয়োকারেস, যিনি ৩৯টি গোল করেন। কিন্তু ইউরোপের ‘বিগ ফাইভ’ লিগ- লা লিগা, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লিগ ওয়ান এবং সিরি আ- এর প্রতি গোলের ওজন ২ করে ধরা হয়। অন্যদিকে নিচের ১৬টি র্যাংকড লিগের ক্ষেত্রে প্রতি গোলের ওজন ১.৫।
চূড়ান্ত পয়েন্ট টেবিল:
এমবাপে (৬২ পয়েন্ট)
গিয়োকারেস (৫৮.৫ পয়েন্ট)
সালাহ (৫৮ পয়েন্ট)
লেভানডোভস্কি (৫৪ পয়েন্ট)
কেইন (৫২ পয়েন্ট)
স্বদেশ প্রতিদিন/কেএইচ