প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৪:১৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পাঠ করাতে স্থানীয় সরকার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এর আগে ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন আদালতের দ্বারস্থ হন। সেই মামলার রায়ে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম তাপসের বিজয় বাতিল ঘোষণা করেন এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন। একই সঙ্গে আদালত ১০ দিনের মধ্যে এই রায়ের গেজেট প্রকাশের নির্দেশ দেন।
নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুসারে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। গেজেট প্রকাশের ফলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের পথ খুলে যায়।
তবে গেজেট প্রকাশের দিনেই দুই ব্যক্তি—রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ—রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান। ওই নোটিশে গেজেট কার্যকর এবং শপথ গ্রহণের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
একদিকে শপথ গ্রহণে ত্বরান্বিত করতে চাপ, অন্যদিকে রায়ের বিরুদ্ধে আপিলের প্রক্রিয়া—এই দুইয়ের ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এখন দেখা যাক, স্থানীয় সরকার বিভাগ আদালতের রায় অনুযায়ী দ্রুত শপথের ব্যবস্থা নেয় কি না, নাকি আপিলের বিষয়টি বিবেচনায় রেখে অপেক্ষার সিদ্ধান্ত নেয়।
স্বদেশ প্রতিদিন/এনআর