প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ২:২৪ পিএম আপডেট: ২৬.০৫.২০২৫ ২:৫১ PM

আর্সেনালের শিরোপা জয়
গতকাল রাতে আর্সেনালের মুখোমুখি হয়েছিল বার্সেলোনার মেয়েরা। চোখে ছিলো হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপার নেশা। টানা দুবারের চ্যাম্পিয়ন বার্সাকে এই ম্যাচেও ধরা হচ্ছিল ফেবারিট।
কিন্তু এই দিনটি ছিলো আর্সেনালের। লিসবনে ফুটবল ঈশ্বর যেন মুখ ফিরিয়ে নিয়েছিলেন লাল ডোরাদের ডেরা থেকে। ছেলেদের হতাশ করলেও মেয়েদের সহায় ছিলো চ্যাম্পিয়নস লীগের শিরোপা। আর্সেনালের মেয়েদের জয়ও আসে ১–০ গোলে। এই জয়ে ১৮ বছর পর প্রথমবারের মতো ইউরোপিয়ান ট্রফি জিতল আর্সেনাল।
ম্যাচের শুরু থেকেই আর্সেনালকে চেপে ধরে বার্সা। ম্যাচজুড়ে আক্রমণ ও বল দখল, দুদিক থেকেই আর্সেনালের চেয়ে বেশ এগিয়ে ছিল কাতালানরা। ৬৮ শতাংশ বলের দখল রেখে বার্সা শট নেয় ২০টি, যার ৫টি লক্ষ্যে থাকলেও কোনোটিই গোল রূপান্তরিত হয়নি। এদিন ফাইনাল থার্ডে বার্সার তেমন কোনো আগ্রাসনই দেখা যায়নি। আইতানা বোনমাতি, ইউয়া পাজর এবং অ্যালেক্সিয়া পুতেয়াসদের এই ব্যর্থতাই মূলত ভুগিয়েছে বার্সাকে।
অন্যদিকে আর্সেনাল ৩২ শতাংশ বলের দখল রেখে ৮ শটের ৩টি লক্ষ্যে রাখে এবং ১টি গোলও আদায় করে নেয়। বদলি নামা স্টিনা ব্লাকস্টেনিয়ুসের করা ৭৪ মিনিটের গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। পিছিয়ে পড়েও বার্সা অবশ্য চেষ্টা করেছিল ম্যাচে ফেরার। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। শিরোপা হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এর আগে আর্সেনাল সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ২০০৭ সালে। সেই ম্যাচের পর আর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ফাইনালেও উঠতে পারেনি তারা। কিন্তু ১৮ বছর পর দ্বিতীয়বার ফাইনালে উঠেই বাজিমাত করল গানাররা। ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে আর্সেনাল দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব অর্জন করলেও আর কোনো দল শিরোপা জিততে পারেনি।
এই হারের মধ্য দিয়ে বার্সার মেয়েরাও যেন পুরুষ দলের পদাঙ্কই অনুসরণ করছে। বার্সার ছেলেদের মতো মেয়েরাও লিগ শিরোপা জিতেছে, কিন্তু হাতছাড়া করেছে চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এর আগে ছেলেদের মতো মেয়েরাও রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতেছিল স্প্যানিশ সুপার কাপ। তবে কোপা দেল রে-এর ফাইনালে বার্সার মেয়েরা আগামী ৭ জুন ফাইনালে অংশ নিবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ফাইনালে বার্সা শিবির দেল রে জিতে আরেকটি হতাশা ডাকতে চাইলেও, আতলেটিকো ও ছেড়ে কথা বলবেনা। বার্সা ফ্যানরা যেন তারই অপেক্ষার প্রহর গুনছে, করতে চাইছেন ছেলেদের ন্যায় আরেকটি জমকালো উদযাপন।