প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ২:২৬ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সাড়া দিতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে আগামী ৭ দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয় আজ রোববার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল অভিযোগ করেছে, ভারত থেকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করেছেন এবং হুমকি দিয়েছেন। এ বক্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় বাধাদানের অভিযোগ আনা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে শেখ হাসিনাকে।
তদন্তকারীরা জানান, শেখ হাসিনার দেওয়া একটি অডিও বার্তায় বলা হয়, “২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি।” এই বক্তব্যের সত্যতা ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয়েছে বলে জানায় প্রসিকিউশন। এর আগে, প্রসিকিউশন টিম এই অডিও বার্তা আদালতে উপস্থাপন করলে তা পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়।
আজকের শুনানিতে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেয় প্রসিকিউশন বিভাগ, যা ‘জুলাই অভ্যুত্থান’–সংক্রান্ত প্রথম মামলার বিচার প্রক্রিয়ার সূচনা হিসেবে ধরা হচ্ছে।
ঢাকার চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ছয়জন নিহত হওয়ার ঘটনায় ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। এই মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আরও বেগবান হবে বলে ধারণা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর