সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত      ● বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: তারো আসো      ● পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির      ● মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান      ● নরসিংদীর পলাশে দেশের সর্ববৃহৎ দাবিকৃত ১৮ ফুটের লক্ষ্মী প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়      ● সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি      ● বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা: পেদ্রি      ● বিগ ব্যাশে এবার দুই বাংলাদেশি, মুস্তাফিজের নতুন ঠিকানা রেনেগেডস      ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি, বুধবার ভারতের উপকূলে আঘাতের শঙ্কা      ● পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে আবেদন      ● সুদের হার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজার, কমছে তেল-স্বর্ণ      ● ই-টিন অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না? সমাধান জেনে নিন      
চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত
আব্দুল্লাহ, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৫৪ পিএম

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) নির্ধারিত বাংলা পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের একটি ফটোকপির দোকান থেকে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সত্যতা উদ্‌ঘাটনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার (২৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের জনি ফটোকপির দোকান থেকে ২০২৭ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার সকালে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে প্রশাসন।

খবর পেয়ে জনি ফটোকপির দোকানে অভিযান চালান সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম। তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি লুৎফুন নাহার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা সভা করেন। সভায় বিদ্যালয়ের পরীক্ষা কমিটির সব সদস্যকে শোকজ করার কথা জানান তিনি।

জেলা প্রশাসক লুৎফুন নাহার স্ট্রিমকে বলেন, “প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে বলা হয়েছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, “গত রাতে ২০২৭ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এরপর বাংলা পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে প্রশাসন কাজ করছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কোনো শিক্ষক জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়টির পরীক্ষাব্যবস্থা ও প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   প্রশ্নপত্র ফাঁস   এসএসসি পরীক্ষা   নির্বাচনী পরীক্ষা   চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়   তদন্ত কমিটি   শিক্ষা সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close