প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে দলটির প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করেন।
নির্বাচনের ঘোষিত তপশিল অনুযায়ী, ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে, যা নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ ২ নভেম্বর। আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা রয়েছে। একক প্রার্থী থাকলে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।
স্বদেশ প্রতিদিন/এস পি