নরসিংদীর পলাশে দেশের সর্ববৃহৎ দাবিকৃত ১৮ ফুটের লক্ষ্মী প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম

দেশের সর্ববৃহৎ ১৮ ফুট উচ্চতার লক্ষ্মী প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকসা রাধাকৃষ্ণ মন্দিরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী লক্ষ্মীপূজা। ব্যতিক্রমী উচ্চতার প্রতিমা ও বর্ণিল সাজসজ্জাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রতিমা দর্শন ও পূজায় অংশ নিতে বিভিন্ন বয়সী ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমছে।
লক্ষ্মীপূজা উদযাপন কমিটির দাবি, ১৮ ফুট উচ্চতার এই প্রতিমাটি দেশের সর্ববৃহৎ লক্ষ্মী প্রতিমা। এর নান্দনিক নির্মাণশৈলী ও ব্যতিক্রমী উচ্চতা দেখতে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।
পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকায় বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। উৎসব নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা।
পাইকসা রাধাকৃষ্ণ মন্দির লক্ষ্মীপূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ ভৌমিক বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টায় ১৮ ফুট উচ্চতার এই প্রতিমা তৈরি করা হয়েছে। তাঁদের দাবি, এটি দেশের সর্ববৃহৎ লক্ষ্মী প্রতিমা। ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখে তাঁরা আনন্দিত। সবার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে চান তাঁরা।
কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রুপন দও বলেন, লক্ষ্মীপূজাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতিমা দর্শনে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারেন, সে জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
পূজা দেখতে আসা কল্পনা রানী দাস বলেন, এত বড় লক্ষ্মী প্রতিমা দেখে তাঁরা মুগ্ধ। প্রতিমার সৌন্দর্য ও মন্দিরের সাজসজ্জা সত্যিই দৃষ্টিনন্দন। পরিবার-পরিজন নিয়ে পূজা দেখতে এসে তাঁর খুব ভালো লাগছে।
আরেক দর্শনার্থী রবিন চন্দ্র দাস বলেন, এ ধরনের আয়োজন ধর্মীয় উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। এখানে এসে পূজা উপভোগের পাশাপাশি পরিচিতজনদের সঙ্গে দেখা হচ্ছে। এমন আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
আয়োজকদের তথ্যমতে, রোববার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই লক্ষ্মীপূজা বৃহস্পতিবার শেষ হবে। এরপর শুক্রবার ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি