প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১০:৩৮ AM আপডেট: ২৪.০৫.২০২৫ ১২:২৪ PM

গাজীপুরের শ্রীপুরে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে পোশাক কারখানার এক নারী শ্রমিক (৩৫) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২০ মে) রাত ১১টার দিকে, তবে ভুক্তভোগীকে হুমকি দিয়ে বাধা দেওয়ায় তিন দিন পর শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন তার স্বামী।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ডিউটি শেষে কারখানা থেকে হেঁটে বাসায় ফেরার সময় তিন যুবক তাঁকে পেছন থেকে ধরে ফেলে। গামছা দিয়ে মুখ বেঁধে পাশের বনের মধ্যে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে। এরপর মোবাইলে ভিডিও ধারণ করে এবং হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
অভিযুক্তরা হলো উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের সুমন (২৫), আল আমিন (৩০) ও শান্ত (২২)। এ ঘটনায় গতকাল রাত ১১টায় মামলার প্রক্রিয়া চলছিল।
ভুক্তভোগীর পরিবার জানায়, পরদিন থানায় যেতে চাইলে অভিযুক্তরা এবং তাদের সহযোগীরা বাধা দেয় ও গোপনে সালিস বসিয়ে আপসরফার চেষ্টা চালায়। পরিবারটি এতে রাজি না হয়ে শেষমেশ শুক্রবার রাতে মামলা করেন।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক গতকাল রাত ১১টার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘মামলার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ওই তিনজনসহ গোপনে সালিস বসিয়ে আপসরফার চেষ্টা চালোনোর সঙ্গে জড়িতদেরও আটকের জন্য পুলিশের আলাদা দুটি দল অভিযানে নেমেছে।’
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নারী শ্রমিকদের নিরাপত্তা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন স্থানীয় অধিকারকর্মী ও সাধারণ মানুষ।
স্বদেশ প্রতিদিন/এমএম