প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১০:১৫ AM

রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে চলমান বৃক্ষমেলায় ঘটে গেছে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা। এতে গুরুতর আহত হয়েছেন জুয়েল (৪০) নামের এক নার্সারি কর্মচারী।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১২ টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
আহতের ভায়রা শাকিল জানান, জুয়েল বৃক্ষমেলায় কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর আহত হয়। আরও কয়েকজনও আহত হয়েছেন, তবে আমরা শুধু জুয়েলকেই হাসপাতালে নিয়ে এসেছি।
জানা গেছে, জুয়েল বর্তমানে রাজধানীর তেজগাঁও থানার বুনিয়াপাড়া এলাকায় বসবাস করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘বৃক্ষমেলার পাশে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন।’
এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একটি শান্তিপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে কিনা, এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে স্থানীয়দের দাবী, মেলাস্থলে নিরাপত্তা জোরদার করা হোক, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
স্বদেশ প্রতিদিন/এমএম