প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৫:০০ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে মো. আবুল হোসেন রাফি (১৮) নামে এক কিশোর। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লী চিকিৎসক পলাতক রয়েছে।
অভিযুক্ত পল্লী চিকিৎসকের নাম মো.শাহীন (৬০)।
এ ঘটনার পর বৃহস্পতিবার (২২ মে) রাত পৌনে ১২টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। নিহত রাফি একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মো.আজাদের ছেলে।
নিহত রাফির বন্ধু সায়েম এ বিষয়ে জানান, তারা বিকেল ৪টায় উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের অশ্বদিয়া সোলেমান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় তার হাতের সাথে লেগে তার বন্ধু মো.রুমনের ঠোঁট কেটে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে তারা রুমনকে অলিপুর চাঁনমিয়া মোড় এলাকায় চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসক হিসেবে ছিলেন মো.শাহীন।
চিকিৎসার এক পর্যায় চিকিৎসক শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে একদল কিশোরের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এ বাকবিতন্ডার একপর্যায়ে রাফির সাথে পল্লী চিকিৎসক শাহীনের হাতাহাতি শুরু হলে রাফিকে চা দোকানে থাকা ছুরি দিয়ে গলার নিচে ছুরিকাঘাত করেন তিনি। এতে গুরুতর আহত হয় রাফি।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের স্বজনেরা তার মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি