প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮:৪০ পিএম

সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যশোরে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার যশোর আইটি পার্ক মিলনায়তনে দেশের প্রথিতযশা সাড়ে চার শ’ সার্জারি চিকিৎসকদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে সোসাইটি অব সার্জন বাংলাদেশ যশোর জোন।
সেমিনারে সার্জারির বিভিন্ন ঝুঁকির কারণগুলো নিয়ে আলোচনা করা হয়। চিকিৎসায় সার্জারির ভূমিকা এবং সার্জন বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের কীভাবে আরও যুগোপযোগী সেবা দেওয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেন প্রথিতযশা সার্জারিয়ানরা। এ ধরনের সেমিনারে সার্জারি চিকিৎসকদের সঠিকভাবে সার্জারি করতে এবং রোগীদের সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তরুণ চিকিৎসকেরাও।
প্রথমবারের মতো হওয়া সেমিনারে নবীন প্রবীণ চিকিৎসকের মিলনমেলায় পরিণত হয়। দুই দিনব্যাপী সেমিনারে চারটি সেশনে ২০টি বিষয় ভিত্তিক সার্জারির উপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ফিরোজ কাদীর। সোসাইটি অব সার্জন বাংলাদেশ যশোর জোনের সভাপতি প্রফেসর ডা. এন কে আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সোসাইটি অব সার্জন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. রফিকেস সালেহীন, সাবেক সভাপতি প্রফেসর মাহমুদ হাসান আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সৈয়দ মাহবুবুল আলম, সংগঠনটির সহ সভাপতি প্রফেসর এ এম এস এম শরিফুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আহমেদ সামি আল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. আবু সায়েম, বৈজ্ঞানিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য দেন সংগঠনটির যশোর জোনের সাধারণ সম্পাদক ডা. শরিফুল আলম খান। আগামীকাল শুক্রবার এই সেনিমার সমাপ্ত হবে।
সোসাইটি অব সার্জন বাংলাদেশ যশোর জোনের সাধারণ সম্পাদক ডা. শরিফুল আলম খান বলেন, ‘চারটা সেশনে জেনারেল, ল্যাপারোস্কোপিকসহ ২০টি বিষয়ভিত্তিক সার্জনের উপর আলোকপাত করা হয়। দেশের প্রথিতযশা সার্জারিয়ানরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আশা করছি, দেশের প্রথমবারের মতো হওয়া সেমিনারের মধ্য দিয়ে চিকিৎসকেরা সাধারণ মানুষকে সেবা প্রদানে আরো সহায়ক ভূমিকা পালন করবেন।'
স্বদেশ প্রতিদিন/কেএইচ