প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৩:৫৫ পিএম

কূটনৈতিক মর্যাদার অপব্যবহারের অভিযোগে নয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই-এর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বহিষ্কৃত ওই কূটনীতিক এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি, তবে কূটনৈতিক সূত্র জানায়, তিনি পাকিস্তান হাইকমিশনের গোয়েন্দা শাখার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, ওই কর্মকর্তা স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং সন্দেহজনক সংযোগের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, গত আট দিনের মধ্যে দ্বিতীয়বার আরও একজন পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ঘটনার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে।
সূত্র: পিটিআই
স্বদেশ প্রতিদিন/এমএম