প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১০:৫৩ পিএম

পদত্যাগ করলেন জাপানের কৃষিমন্ত্রী তাকু ইতো। দলের সমর্থকদের থেকে চাল উপহার নেয়া নিয়ে এক মন্তব্যের পর চরম বিতর্ক ও দেশের জনগণের কঠোর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন তিনি। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
চলতি সপ্তাহে রাজনৈতিক তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতো বলেন, সমর্থকদের কাছ থেকে নিয়মিতই চাল উপহার পেতেন তিনি। সে জন্য তাঁর কখনও চাল কিনতে হয় না।
গত এক বছরে জাপানে চালের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। খারাপ ফলনের পাশাপাশি ব্যাপক পর্যটকের কারণে চালের চাহিদা বেড়েছে। ফলে জাপানিদের প্রধান খাদ্যের দাম দেশটির ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
গত মঙ্গলবার (২০ মে) ইশিবা সাংবাদিকদের বলেন যে, চালের মূল্য বৃদ্ধির সাথে লড়াই করা গ্রাহক এবং ফসল উৎপাদনের জন্য কঠোর পরিশ্রম করা কৃষকদের প্রতি এতোর মন্তব্য অত্যন্ত অনুপযুক্ত ছিল। তিনি বলেন, এই মন্ত্রীর নিয়োগকারী ব্যক্তি হিসেবে তিনি এর দায় তীব্রভাবে অনুভব করছেন।
ইতোকে তার পদে বহাল রাখার সিদ্ধান্ত জনগণ বুঝতে পারবে কি না জানতে চাইলে ইশিবা বলেন, মন্ত্রীর কাজ হলো আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এবং ক্রমবর্ধমান চালের মূল্য মোকাবিলায় সুনির্দিষ্ট ফলাফল অর্জন করা। ইশিবা ইঙ্গিত দেন যে তিনি চান এতো তার এই দায়িত্ব শেষ পর্যন্ত পালন করুন।
তবে প্রধানমন্ত্রীর কথায় সমালোচনা ও বিতর্ক থামেনি। সেই সমালোচনা ঝড়ে পদ ছেড়ে দিতে বাধ্য হলেন ইতো। বুধবার তিনি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দেখা করে পদত্যাগপত্র পেশ করেন। এরপর সাংবাদিকদের তিনি জানান, ‘জনগণ চালের উচ্চমূল্যের কারণে অনেক ভোগান্তিতে আছেন। এমন সময় আমার মন্তব্য ছিল খুবই অনুপযুক্ত।’
রয়টার্স।
স্বদেশ প্রতিদিন/কেএইচ