প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:২০ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাড়ির পাশ থেকে আব্দুল মান্নান মিয়া (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) সকাল ৮ টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান ওই গ্রামের বাসিন্দা এবং মৃত আলী আজগরের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের এক চা দোকানি নারীকে আটক করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান মিয়া ও তাঁর ছেলে সোহেল কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করতেন। প্রতিদিন সন্ধ্যার পর পাশের চা দোকানে গিয়ে সময় কাটাতেন তিনি। চা দোকানটি গ্রামেরই নাসিমা বেগম (৫৫) নামের এক নারীর। নিহতের লাশ পাওয়া গেছে ওই দোকান থেকে কিছুটা দূরে।
নিহত মান্নান মিয়ার ছেলে সোহেল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় আমি দোকানে বসেছিলাম। পরে বাবা দোকানে গেলে আমি চলে আসি। রাত সাড়ে ৯ টার পরও বাবাকে দোকানে থাকতে দেখি। এরপর কখন যে ঘুমিয়ে পড়েছি, বলতে পারি না। সকালে পাশের ঘরের লোকজন এসে জানান, বাবার লাশ পাওয়া গেছে। বাবা সবসময় সবার সঙ্গে হাসিঠাট্টা করতেন, তাঁর কোনো শত্রু ছিল না। আমি আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই।’
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘আব্দুল মান্নানের মরদেহ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে যেখানে মরদেহ পাওয়া গেছে, সেখানকার মাটিতে টেনে নেওয়ার মতো দাগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য নাসিমা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম