প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১০:০৬ AM

আসন্ন ঈদুল আজহার ছুটিতেও দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ঈদের সরকারি ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের মূল দিনটি ব্যতীত অন্যান্য ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে এসব কার্যক্রম পরিচালিত হবে।
এ বিষয়ে মঙ্গলবার (২০ মে) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টম ও নীতি) মুকিতুল হাসানের সই করা এক আদেশে নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কাস্টম কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপন হতে পারে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ৫ জুন থেকে শুরু করে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। তবে এই দীর্ঘ ছুটির মধ্যেও কাস্টমস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্য সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর