প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:০৮ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা কয়েকদিন পর্যন্ত স্থায়ী থাকে, ফলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়ে। সব শেষে আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে পুরো মাঠ হাঁটুসমান পানিতে তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও ইউনানি রেজিস্টার্ড চিকিৎসক আশরাফ কামাল বলেন, “বৃষ্টি হলেই স্কুল মাঠে হাঁটুসমান পানি জমে যায়-এটা এখন নিয়মিত দৃশ্য। শিশু শিক্ষার্থীরা এই পানি মাড়িয়ে ক্লাসে যেতে বাধ্য হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে তারা সহজেই ঠান্ডা-জ্বরসহ পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারে। সমস্যাটির স্থায়ী সমাধান এখনই প্রয়োজন।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয় মাঠে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে প্রতি বর্ষায় একই সমস্যা দেখা দেয়। তারা বলছেন, শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিষয়টি জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন স্বদেশ প্রতিদিনকে বলেন, “বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে লিখিতভাবে জানালে আমি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ