প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬:৫৮ পিএম আপডেট: ২০.০৫.২০২৫ ৭:০৪ PM

সোমবার (১৯ মে) রাতে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ-ই ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজব। এরপর রাতে তাৎক্ষণিক নিজের সামাজিক মাধ্যম ফেসবুক পেজে লাইভে এসে জানান দেন বেঁচে আছেন তিনি। কেবল তাই নয়, মানুষের এ সব উদ্ভট কর্মকাণ্ডে দারুণ বিরক্ত এই নায়িকা।
ফেসবুকের লাইভে পরীমণি বলেন, ‘সারাদিন পর শুটিং শেষে ফোন হাতে নিতেই শকড হলাম। ফোনকলের চেয়ে রয়েছে বেশি মেসেজ। ধরুন, আপনার কোনো আত্মীয়র মৃত্যুর খবর শুনে সেই আত্মীয়কেই আপনি ফোন করে জিজ্ঞেস করলেন। জানার জন্য তিনি বেঁচে আছেন কিনা?’
এই অভিনেত্রী বলেন, ‘যেকোনোভাবে এই গুজবটা ছড়িয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমার জন্য কতটা শকিং!’
তিনি আরো বলেন, “মৃত্যু তো আসলে আমার হাতে নেই। আপনি কখন চলে যাবেন, তা আপনি জানেন না। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময়।”
ভক্তদের উদ্দ্যেশে তিনি বলেন, ‘পরীমণির যদি কখনো অস্বাভাবিক মৃত্যু হয়, তবে ধরে নিতে হবে তাকে কেউ খুন করেছে। এই যে আমার ঝুলন্ত মরদেহটা উদ্ধার করল, তারপরও লাইভে এসে আপনাদের সাথে কথা বলছি। মানুষ কোনো একটা ফোকাস সরানোর জন্য পরীমণিকেই বেছে নেয়।’
ক্ষোভ প্রকাশ করে এ নায়িকা আরো বলেন, “আলুর দাম কমাতে পারছে না বলে পরীমণির বিয়ের খবর করে দেয়। এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেলল।”
‘পরীমণি আত্মহত্যা করার মতো মেয়ে নয়’ উল্লেখ করে পরিষ্কার জানান দেয় এই অভিনেত্রী।
তিনি বলেন, “সুইসাইড করার মতো মেয়ে আমি না। সুইসাইড করার মতো কোনো ইস্যুই আমার জীবনে এখন নেই। নিজের দুইটা বাচ্চা, কাজ নিয়ে অনেক খুশি রয়েছি আমি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দিবেন না।”
“কিছু হইলে খালি কেন পরীমণিকে নিয়ে টানাটানি? আর কিছু খুঁজে পান না?”
স্বদেশ প্রতিদিন/আইজেপি