প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৪:০২ পিএম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সুদান থেকে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজযাত্রীবাহী জাহাজ।
বুধবার (১৪ মে) জেদ্দার ইসলামিক পোর্টে ভিড়েছে এই বিশেষ জাহাজ, যার মধ্যে ছিল ১,৪০৭ জন হজযাত্রী।
হজযাত্রীদের স্বাগত জানাতে জেদ্দা বন্দরে উপস্থিত ছিলেন সৌদি আরবের পরিবহন ও সরবরাহ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ বিন সুফিয়ান আল-হাসান এবং বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেন বিন আহমেদ আল-তুর্কি। এ ছাড়াও, সেখানে অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেদ্দায় আগত হজযাত্রীদের জন্য বন্দর এলাকায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের সহজে প্রবেশ, লাগেজ সংগ্রহ এবং অভ্যর্থনার জন্য ১০০টি পাসপোর্ট কাউন্টার স্থাপন করা হয়েছে। লাগেজ পরিবহনের জন্য ৩০০টি যানবাহন এবং জাহাজ পরিচালনা ও ডকিংয়ের জন্য ৯টি সামুদ্রিক টাগ এবং ১২টি সহায়ক জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপত্তা ও স্বাস্থ্য সেবার জন্য ২৪টি নিরাপত্তা বাহিনী, ১৩টি অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক এবং একটি স্বাস্থ্য কেন্দ্র প্রস্তুত রয়েছে। এছাড়া, ৫,০০০ এর বেশি যাত্রীকে একসঙ্গে সেবা দেওয়ার জন্য বিশেষ হজ হোল্ডিং এরিয়া প্রস্তুত করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বাকি ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।
স্বদেশ প্রতিদিন/এমএম