প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১:৫৫ পিএম

পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় মকড্রিল করল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (১৬ মে) রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন সেতু এবং রেললাইনসহ একাধিক এলাকাগুলোয় কৃত্রিম এই মহড়া চালায় দেশটির চারটি বাহিনী। এছাড়া এতে অংশ নেয় ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের টিম।
রাজ্যটির উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে স্থলপথে যোগাযোগের একমাত্র পথ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন সেতু ও রেললাইন। সব সময়ই কড়া নিরাপত্তা বলয়ে থাকে ফারাক্কা ব্যারেজ। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।
এ প্রকল্পের ব্যারেজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে, নিরাপত্তা কর্মী থেকে সাধারণ মানুষের কী করণীয় তা এদিনের মকড্রিলে উঠে আসে।
এ বিষয়ে ফারাক্কা ব্যারেজের দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ কমান্ডেন্ট মুকেশ কুমার জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, আমাদের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেবলমাত্র সীমান্তেই বিপদ নয়, দেশের ভেতরেও বিপদ লুকিয়ে রয়েছে। এই ফারাক্কা ব্যারেজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করেছে। এখানে কোন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই কোনোরকম ঘটনা ঘটলে, যৌথভাবে কী করতে হবে, মাল্টি এজেন্সি দ্বারা আজকে এই মকড্রিল অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের খামতিগুলো দেখে নিয়ে তার সংশোধন করা হলো।
এর আগে, জলপাইগুড়ি জেলার বাগরাকোটে তিস্তা ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন অস্ত্রের মহড়া দেয়। যার নাম দেওয়া হয় ‘তিস্তা প্রহার’৷ তিস্তা নদীর তীরে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জের সদস্যরা ছাড়াও স্পেশাল ফোর্স সেই মহড়ায় অংশ নিয়েছিল।
স্বদেশ প্রতিদিন/এনআর