প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৯:৪৩ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ৯:৫২ PM

চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে ওই উনিয়নের চৌরাস্তা এলাকার কারখানায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্ষতিকর রং ও উপাদান ব্যবহার করায় ওই কারখানা মালিককে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
তিনি বলেন, ‘নিয়মিত বাজার তদারকি অংশ হিসেবে বাগাদী চৌরাস্তায় নোংরা ও অসাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরি করায় নিউ ঢাকা আইসক্রিম কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/এমএম